ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় একই সংগঠনের পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল জাহিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। আদালত গত ১৩ ডিসেম্বর প্রতিবেদন আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন— ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ ফাল্গুনী দাস আদালতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন৷









