
রাজধানীতে খুনের মামলায় সংসদ সদস্য পিনুর ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আগামী ২৮ ফেব্রুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষের সময়ের আবেদনে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন।
২০১৫ সালের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
/টিএইচ/এপিএইচ/







