রাজধানীর বাড্ডা নতুনবাজার এলাকায় শামীম (৩৫) নামে এক গার্মেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে রাস্তায় অজ্ঞাত কয়েকজনের মারধরে আহত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপালাতে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই শামীমকে হত্যা করা হয়েছে।
নিহত শামীম উত্তর বাড্ডার সাতারকুল এলাকার মসজিদ গলির বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক।
নিহতের ভাগ্নি কাকলী জানান, শামীমের ব্যবসায়ীক পার্টনার মিজানের সঙ্গে আর্থিক লেনদেন ছিল। মিজানের কাছে শামীম পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকার বিষয়ে আজ একটি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাতরা শামীমকে মারধর করেন। এরপর তাকে বাসায় নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাকলীর অভিযোগ, মিজানই লোক দিয়ে শামীমকে হত্যা করিয়েছেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/ডিএম/এএ/এএইচ/








