রাজধানীতে ক্যাম্পের বাইরে অবস্থানরত উর্দুভাষী বিহারিদের উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোট। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্রধারী বিহারিদের পুনর্বাসন করতে নির্দেশ দেওয়াও হয়েছে। এ বিষয়ে করা রিট আবেদন খারিজ করে মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডেভাকেট আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
মামলা বিবরণী অনুযায়ী, ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি মিরপুরে ৪০টি ক্যাম্পে অবস্থানরত ৭০ হাজার বিহারিকে উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা সিটি করপোরেশন। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিহারিদের সংগঠন উর্দু স্পোকিং রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ও সেক্রেটারি শাহিদ আরী বাবলু হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর হাইকোর্ট পল্লবী থানার ক্যাম্পবাসীকে অন্য জায়গায় পুনর্বাসন না করা পর্যন্ত এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন। এরপর ২০০৩ সালে গণপূর্ত মন্ত্রণালয় আবারও তাদের উচ্ছেদের চেষ্টা করলে একটি সম্পূরক আবেদন করেন রিটকারীরা। এরপর হাইকোর্ট রুল জারি করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে নির্দেশ দেন।
দীর্ঘ শুনানির পর মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
/ইউআই/এমএনএইচ/







