রাজধানীতে পৃথক ঘটনায় গত তিন দিনে ট্রেনের ধাক্কায় তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গত ১০ জুন রাতে কাওলা রেল ক্রসিং থেকে বিমানবন্দর ফাড়ির মাঝামাঝি এলাকা থেকে আসলামুল (২৫) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলায় বলে জানা গেছে।
একই দিন রাতে একই এলাকার কিছু দুর থেকে ৩০ থেকে ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১১ জুন) সকালে একই লাইনে ট্রেনর ধাক্কায় প্রাণ হারান ৫০ থেকে ৫৫ বছরের একজন নারী।
এদিকে শুক্রবার (১২ জুন) ভোরে উত্তরা কোট বাড়ি এলাকায় রেললাইন এর কাছ থেকে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এসআই বলেন, তারা সবাই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। সেখানে ময়াতদন্ত সম্পন্ন হয়েছে।
তিনি জানান, প্রথমে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ও খোঁজখবর নিয়ে দুজনের পরিচয় জানা গেছে। তাদের একজন হচ্ছেন, পিরোজপুর সদর উপজেলার আসলামুল। অপর এক নারীর স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।









