কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
হাসপাতালে নিয়ে আসা পথচারী উদ্ধারকারী ইমন আহমেদ বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর চিৎকার শুনে লোকজন দৌড়ে যাচ্ছিলেন। সে সময় আমরা কয়েকজন ব্রিজের নিচে ছিলাম। পরে আমরাও সেখানে যাই। সেখানে দেখতে পাই, লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পাশে একজন মেয়ে ছিলেন।
মেয়েটির বরাত দিয়ে তিনি বলেন, তারা দুজন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তাদের আরেকটি মোটরসাইকেলে কয়েকজন গতিরোধ করে। তারা চিৎকার দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
কে বা কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, বা এটি কোনো ছিনতাইয়ের উদ্দেশ্যে কি না—সে বিষয়ে কিছুই বলতে পারেননি তারা।
নিহত তরিকুল ইসলাম শ্যামপুর করিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।









