বিয়ের সময়ে ধার্যকৃত দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার।
শুনানিকালে হাইকোর্ট বলেন, ধর্মীয় রীতি বাদ দিয়ে লোক দেখানো দেনমোহর ধার্য করতে গিয়েই যত সমস্যা হচ্ছে। এ বিষয়ে ইসলামী শরিয়াহ আইনের বাইরে যাওয়া যাবে না বলেও আদালত মন্তব্য করেন।
এর আগে গত ৫ জুলাই বিয়ের সময়ে ধার্যকৃত দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার রিটটি দায়ের করেন।
রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়।
এছাড়া রিট আবেদনে বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে— যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়।









