রাজধানীর বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. রেজাউলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড্ডার ডিআইটি রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝুমুরকে হাসপাতালে নেওয়া মোছা. অজিফা আখতার জানান, মঙ্গলবার রাতে ঝুমুর তার বাসায় এসেছিলেন। কিছুক্ষণ পর সেখানে ঝুমুরের সাবেক স্বামী রেজাউল আসেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ঝুমুরকে ছুরিকাঘাত করেন।
তিনি আরও জানান, রেজাউল ছিলেন ঝুমুরের দ্বিতীয় স্বামী। এর আগে ঝুমুরের আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার একটি সন্তান রয়েছে। পরে রেজাউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তারা বিয়ে করেন। তবে বিয়ের পর রেজাউল কোনও কাজ করতেন না। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ঝুমুরের গ্রামের বাড়ি পটুয়াখালী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে।








