রাজধানী ঢাকার ভাটারার নতুন বাজার-বারিধারা এলাকায় ময়লার ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন মো. তৌহিদ (২৮) নামে এক পরিচ্ছন্নকর্মী।
রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাকুরিয়া মাছিমা গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি-বারিধারা এলাকায় থাকেন।
তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুন বাজার-বারিধারা এলাকায় ময়লার ডাস্টবিন ব্যবহার নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’-এর সঙ্গে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে ডাস্টবিনের সামনে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন গুলি চালালে তৌহিদের পায়ে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।









