সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর এক মামলায় তাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।
দুই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে সোমবার (৩ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৯ জুলাই ব্যারিস্টার সুমনের জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন দেন। এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে দুই মামলায় জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।
পরে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, চেম্বার জজ আদালত শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিতের আদেশ দেন। তবে মুগদা থানার মামলায় তার জামিন বহাল রাখা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’’
সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।









