সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাবেক সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনও কর্মকর্তা নতুন দায়িত্ব নেওয়ার পর তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার বাড়ছে বলেও দাবি করা হয়।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছেন।
সংগঠনটি বলেছে, পুলিশের কোনও সদস্য অতীতে গুম, হত্যা, নির্যাতন বা অন্য কোনও অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অতীতে সরকারি দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের প্রচারণার উদ্দেশ্য পুলিশের মনোবল দুর্বল করা, সৎ কর্মকর্তাদের বিতর্কিত করা, পুলিশ বাহিনীকে সামাজিকভাবে হেয় করা এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম ব্যাহত করা।
মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারে জড়িত ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।









