রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে একটি বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতাররা হলেন—মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস।
র্যাব জানিয়েছে, মোমিন মোল্লা সৌদি আরবপ্রবাসী। তার কাছ থেকেই স্টার্লিং সাবমেশিনগানটি উদ্ধার করা হয়েছে। অন্য অভিযানে হাসান আলী বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসাদুজ্জামান জানান, প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মোমিন। আগামী ১৩ আগস্ট তার আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল (রেয়ার) অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, একই দিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান।
তিনি বলেন, গ্রেফতার দুজন সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে যুক্ত। ওই গ্রুপের নেতা মঞ্জু-জাহাঙ্গীরকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।









