চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর আরিফুর রহমান এ আবেদন করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, ডনসহ এজাহারনামীয় অন্যান্য আসামিসহ অজ্ঞাত আসামিরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামি জামিন পেলে তদন্তে বিঘ্নসহ চিরতরে পলাতক হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয় বলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান।

নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার







