গাইবান্ধার অবৈধ ইটভাটা উচ্ছেদে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে পরিবেশ অধিদফতরের ডিজি মো. লুৎফর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বাকি দুই জন হলেন, পরিবেশ অধিদফতরের রংপুরের বিভাগীয় পরিচালক নুরুল আমিন এবং গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।
আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে রবিবার (৯ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আদালতে আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী আব্দুর রাজ্জাক নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
পরে আদেশের বিষয়ে আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার দায়ের কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে গাইবান্ধার লাইসেন্স বিহীন ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করেন আইনজীবী আব্দুর রাজ্জাক। এই রিটের শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ মে হাইকোর্ট রুল জারি করেন। রুল শুনানি শেষে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন।
রায়ে ওই ১৭৯ ইটভাটাসহ গাইবান্ধার সব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। ৬০ দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী রাজ্জাক।









