চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলা প্রত্যাহারের আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৬ জুন অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের মাধ্যমে আলামত গোপনের অভিযোগ এনে একই আদালতে মামলাটি করেন ধীপ্রার আত্মীয় পরিচয়ে মশিউর রহমান শাহ। মামলায় ধীপ্রার স্বামী ডা. রহমত রশীদ, শ্বশুর বারডেম হাসপাতালের কার্ডিয়াক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আব্দুর রশীদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং স্যাটায়ার ওয়েবসাইট ইয়ার্কির সম্পাদক শিমু নাসেরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
অভিযোগের বিষয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
তবে গত ২৯ জুলাই মশিউর রহমান মামলা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধীপ্রার মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে পেরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মামলাটি করেছিলেন।
আবেদনে বলা হয়, গত ১৬ জুলাই ধীপ্রার বাবা আলাউদ্দিন আদালতে মরদেহ উত্তোলনে অসম্মতি জানিয়ে একটি আবেদন করেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করার পর ধীপ্রার বাবা বাদীর সঙ্গে দেখা করে ঘটনার মূল বিষয় জানান। এরপর বাদী মামলার ঘটনায় তথ্যগত ভুলের বিষয়ে অবগত হন।
মশিউর রহমান আরও উল্লেখ করেন, পরে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন, ধীপ্রা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ কারণে মামলায় তথ্যগত ভুল থাকার বিষয়টি জানতে পেরে তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন।
আদালত শুনানির জন্য আবেদনটি ১৯ আগস্ট ধার্য করেছিলেন। বুধবার শুনানি শেষে আদালত মামলা প্রত্যাহারের আদেশ দেন।
বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ হোসেন (নিয়ন)।









