চোরাচালান রোধে অভিযান চালিয়ে রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ডের পাগলা স্টেশন গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি ভ্যানগাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে অভিযানকালে প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যানচালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কাছে হস্তান্তর করা হয়েছে।









