ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার অভিযোগে রাজধানীর মুগদা থেকে ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করছিলেন।
এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।








