জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় গ্রেফতার দুই সন্দেহভাজন এবং উদ্ধার হওয়া মোটরসাইকেল নিয়ে প্রশ্ন উঠেছে। ছিনতাইয়ের সময়ের সিসিটিভি ফুটেজে নীল রঙের একটি মোটরসাইকেল দেখা গেলেও র্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করেছে, সেটি সাদাকালো রঙের।
রবিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, রনজিনা পারভীন হত্যা মামলার মূল সন্দেহভাজন মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী এবং তার সহযোগী সেড্রিককে পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ব্রিফিং শেষে গ্রেফতার দুই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় পনি গাজী চিৎকার করে বলতে থাকেন, তিনি এ ঘটনায় জড়িত নন। তাকে জোর করে ধরে আনা হয়েছে। তার বাইকের রং সাদাকালো, কিন্তু ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি নীল রঙের ছিল বলেও দাবি করেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ জানান পনি।
এর আগে শনিবার ছিনতাইয়ের ঘটনার দুটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ফুটেজে দেখা যায়, একটি নীল রঙের মোটরসাইকেলে দুই সন্দেহভাজন ব্যক্তি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ঘোরাফেরা করছেন।
অন্যদিকে, র্যাব গণমাধ্যমকে যে উদ্ধার হওয়া মোটরসাইকেলের ছবি দিয়েছে, সেটিতে সাদাকালো রং দেখা গেছে। ফলে গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি আসলেই ছিনতাইয়ে ব্যবহার হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, পনি গাজী ও সেড্রিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। মামলায় আসামি অজ্ঞাত হওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আরও তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হবে বলে জানান তিনি।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব। ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর কাছে ছিল। রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নয়মুল হাসান বলেন, মোটরসাইকেলের মালিক রাকিব জানিয়েছেন, পনি গাজী বিভিন্ন সময় জোর করে তার বাইক নিয়ে যেতেন। ২৬ আগস্ট থেকে শনিবার বিকাল পর্যন্ত বাইকটি পনি গাজীর কাছেই ছিল।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলচালকের সঙ্গে পনি গাজীর দৈহিক গঠন মিলে যায়। স্থানীয় ১৫ জন সোর্সকে ভিডিও দেখিয়ে পনির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিহত রনজিনা পারভীনের স্বামী আবদুল মতিনকেও দেখানো হয়েছে এবং তিনিও একই ধরনের মোটরসাইকেল ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছেন বলে দাবি করেছে র্যাব।
এ ছাড়া র্যাব জানায়, রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত আসামিদের মুঠোফোন নম্বরগুলো ওই এলাকা দিয়ে ঘোরাফেরা করেছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে গাবতলী থেকে রিকশাযোগে রাজধানীর ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিনার স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।









