পুরান ঢাকার গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধই দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে দলমত নির্বিশেষে অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছে ডিবি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন। গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আসামি গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম বলেন, ‘‘গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। কে কোন দল করে, সেটি দেখার বিষয় নয়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করাই আমাদের মূল কাজ। অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।’’
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে এক নারীসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন, পথচারী আশা আকতার (২০) ও সিয়াম (১৮) এবং চা দোকানি আলমগীর (৩৩)। আহতদের দাবি, তারা সবাই পথচারী।









