রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দা, সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে র্যাব-২।
ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ‘টাউন হল মিটিংয়ে’ বিভিন্ন হাউজিং সোসাইটির মালিকপক্ষ ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্লট ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে খালি প্লটে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়েও মালিকদের সতর্ক করা হয়।
র্যাব-২ অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন র্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি জায়গা ভাড়া দেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর তুলে বাছ-বিচার না করে শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অনেক অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।
তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করতে হবে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলতে হবে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনও প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ পণ্য মজুত রাখলে শুধু ওই ব্যক্তির নয়, প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় গত ২৯ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরা হয়। বিশেষ করে খালি প্লটে অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা এবং সেসব স্থানে অপরাধীদের আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি স্থানীয়দের যেকোনও অপরাধের তথ্য নির্ভয়ে র্যাবকে জানানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র্যাবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তারা নিজ নিজ এলাকায় আরও সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে র্যাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, র্যাব-২ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।









