রাজধানীর শনির আখড়া ও দারুসসালাম এলাকায় নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে কদমতলীর শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করেছে এক দুর্বৃত্ত। আর দারুসসালামের মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে ঢুকে ব্যবসায়ীর মো. আসলাম খানকে (৪০) গুলি করে একজন দুর্বৃত্ত। পরে ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে।
গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনও কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, গুলি আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে বিদ্ধ হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ওই দুর্বৃত্তকে আটক করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পূর্বশত্রুতা ছিল কিনা, সে বিষয়টি এখনও জানতে পারেননি। আটক যুবকের নাম-পরিচয়ও জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “শনির আখরায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।”
এদিকে শনিবার রাতে দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
আহত নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আহত নারীর ছেলে ইয়াছিন জানিয়েছেন, তার মা জেসমিন বাসায় বসে টিভি দেখতে ছিলেন। হঠাৎ কে বা কারা তার জানালা দিয়ে গুলি করেন। এতে গুলি তার ডান হাতে বিদ্ধ হয়।
দারুসসালাম থানার ওসি দুলাল হোসেন বলেন, “আমরা শুনেছি। ঘটনাস্থলে গিয়েছিলাম। ভিকটিম ঢাকা মেডিক্যালে রয়েছেন। আমরা সেখানে টিম পাঠিয়েছি।” তবে কী কারণে, কেন কারা গুলি করেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে দারুসসালাম মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের ভাড়া বাসায় পরিবারসহ থাকেন।

মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার





