ঢাকার সাভারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় প্রাইভেট কার রাখা নিয়ে হামলায় স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এসআই আলতাফ হোসেন (৫৮) নিহত এবং তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে একটি গেঞ্জি কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় আনুমানিক ২০ থেকে ২৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার পর আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনাকে ন্যক্কারজনক, বর্বর ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়; বরং আইনের শাসন, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।









