খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীর জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ব্য়ি‌টি নি‌শ্চিত করেন। 

তি‌নি জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে খিলগাঁও থানাধীন ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মো. জজ মিয়া (৪৪)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের মসুরাকান্দার বুইদ্দার বাজার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তার মায়ের নাম বেগম। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, নিহতের পরিচয় শনাক্ত, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত এবং বিভিন্ন আলামত সংগ্রহে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি মো. ফুলচান হোসেনের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকেন।

প্রাথমিক তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, নিহতের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিসিটিভি ফুটেজ ও ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, গত ৮ সেপ্টেম্বর জজ মিয়া তার খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। পরে ৯ সেপ্টেম্বর রাত ১২টা ২৮ মিনিটের দিকে তিনি বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার মতি বাবুর বাউন্ডারির ভেতরে থাকা মিন্টুর গ্যারেজে যান।

পুলিশের দাবি, সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন গ্রেফতার আব্দুল্লাহসহ আরও কয়েকজন। তারা পূর্বপরিকল্পিতভাবে জজ মিয়াকে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে মরদেহ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালে ফেলে তারা চলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল্লাহ জানিয়েছেন, নিহত জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে শুধু ওই স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার কারণ চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। প্রেমের সম্পর্কের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা যাচাই-বাছাই করছে পুলিশ।

‌ডি‌সি জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতা‌রে অভিযান চল‌ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। 

এ ঘটনায় নিহত জজ মিয়ার স্ত্রী রোজিনা বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, নিহত জজ মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে আটটি মামলা রয়েছে।

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
সর্বশেষ খবর
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি