রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় ছুরিকাঘাতে মো. রাব্বী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন শো-রুমের সামনে রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই অতনু দে প্রেম। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বুকের বামপাশে ছুরির আঘাতের জখম রয়েছে। পুলিশ ধারনা করছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে আহত করে। পরে রাব্বী রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে পালাতে গিয়ে রাস্তায় পড়ে যান। অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর নেওয়া গাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন।









