জুলাই আন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন। তারা হলেন—হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।
এর আগে ১৫ সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।









