রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং নাশকতার অংশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বগির কয়েকটি সিট পুড়ে গেছে।
রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না। এটি নাশকতার জন্যই লাগানো হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, নেত্রকোনা যাওয়ার জন্য হাওড় এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। ওই সময় হঠাৎ আগুন দেখা যায়। এটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
এদিকে ফায়ার সার্ভিসের সদরদফতরের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে বাকিগুলো ফিরে আসে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।









