আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার অসম্পন্ন সাক্ষ্য গ্রহণের জন্য আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৪ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আংশিক সাক্ষ্য দেন।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। পরে ২০২৬ সালের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।ৎ
জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি তাকে গ্রেফতার করা হয়।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত কর্মকর্তার অসম্পন্ন জবানবন্দির মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হবে। এরপর আসামিপক্ষ নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে চাইলে তা করতে পারবেন। পরে যুক্তিতর্কের পর্যায় শুরু হবে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এর আগে জানিয়েছিলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা হয়েছে বলে তারা মনে করছেন।
আমুসহ সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ফরমাল চার্জ প্রস্তুত