হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ লাখ ৪৭ হাজার টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার মো. রাশেদ (৩৬)-এর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার পপি আসামিকে আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্বর্ণ চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার ১৩ এপিবিএনের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে রাশেদকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ৯৯ দশমিক ২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি, ব্রেসলেট ও হার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৫২০ টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসআই মো. আবুল কালাম মামলাটি দায়ের করেন।