শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশব্যাপী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আহসান হাবীব পলাশ বলেন, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদারে ১৫টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্য, সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল নিয়ে দৃশ্যমান টহল পরিচালনা করা হচ্ছে।
মহাপরিচালক আরও বলেন, এসআরবির ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্থানে নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। যেকোনও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক সদস্য রিজার্ভ রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
এসআরবি জানায়, ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এসআরবি সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনও দুষ্কৃতকারী পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজা ঘিরে নাশকতা বা উগ্রবাদী হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে এসআরবি। তবে যেকোনও ধরনের নাশকতার পরিকল্পনা মোকাবিলায় এলিট ফোর্সটি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
এছাড়া অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম নজরদারি চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০