রাজধানীর গুলশান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকুসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. জীবন মিয়া (২৬)।
গুলশান মডেল থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, থানার একটি টিম থানা এলাকায় রাত্রিকালীন টহলরত অবস্থায় সংবাদ পায় যে, গুলশান ১-এ একটি খালি প্লটে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে ওই স্থানে অভিযান অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেফতার করে। তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১২-১৩ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতের কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।