তাহসিফের মৃত্যু: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ১৭:৩০ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৭:৩০

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৭ নভেম্বর) তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

আটক রাখার আবেদনে বলা হয়, তিন দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন।

আরও বলা হয়, ঘটনার আগে তাহসিফ সাউরি, আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও রেস্টুরেন্টে যেতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে দেখা গেছে। এতে মামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে দীপকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, গত ৩১ অক্টোবর আসামির প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৩ নভেম্বর তিন এবং ৫ নভেম্বর পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ।

/এআই /আরকে/
সম্পর্কিত
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
তাহসিফের মৃত্যু দফায় দফায় রিমান্ডে আসামিরা, কী তথ্য খুঁজছে পুলিশ
তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা
সর্বশেষ খবর
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হল ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হল ‘ও আমার দেশের মাটি’
২০২৬ সালে এশিয়ার সেরা খেতাব পেলো কোন সমুদ্রসৈকত
২০২৬ সালে এশিয়ার সেরা খেতাব পেলো কোন সমুদ্রসৈকত
‘মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছি’
‘মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছি’
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও