এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব

ইমরান আলী
০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০

ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখানো হয়েছিল তাদের। সেই স্বপ্ন পূরণে কেউ বিক্রি করেছেন জমি, কেউ গবাদিপশু ও কৃষিযন্ত্র, কেউ স্ত্রীর স্বর্ণালংকার। কেউ আবার ঋণ নিয়েছেন এনজিও থেকে। অথচ ইতালিতে পৌঁছানোর বদলে তাদের ঠাঁই হয়েছিল লিবিয়ার বন্দিশালায়। সেখানে ১০ মাস ধরে নির্যাতন, জিম্মি ও মুক্তিপণের শিকার হয়ে দেশে ফিরেছেন তারা। সব মিলিয়ে পাঁচ পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারীদের বিরুদ্ধে। কোনোরকম প্রাণ নিয়ে ফিরতে পারলেও ফিরে পাননি হারানো সম্পদ, ঋণের বোঝা কিংবা আগের জীবন। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী, নিমতলা ও বড়গাংনী গ্রামের এই পাঁচ ব্যক্তি হলেন, ফুলবগাদী গ্রামের জাহিদ হাসান, কামরুল ইসলাম ও জাহিদুল ইসলাম, নিমতলা গ্রামের আলিফ এবং বড়গাংনী গ্রামের ছাব্বির আলী। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের বেশি। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের নিঃস্ব করে দিয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নিমতলা গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা চায়ের দোকানি আসাদুল ওরফে আপানুরের ছেলে মোহাম্মদ আলী হাউসের মাধ্যমে তাদের কাছে ইতালি যাওয়ার প্রস্তাব আসে। ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে পাঁচজনকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। মোহাম্মদ আলী হাউস নিজেও বিদেশে থাকায় তার দেওয়া প্রস্তাবে সন্দেহ করেননি ভুক্তভোগীরা।

ইতালি যাওয়ার আশায় কেউ জমি বন্ধক রেখেছেন, কেউ গবাদিপশু ও কৃষিকাজের যন্ত্রপাতি বিক্রি করেছেন। আবার কেউ স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে টাকা জোগাড় করেছেন। চুক্তি অনুযায়ী, অর্ধেক টাকা দেশ ছাড়ার আগে এবং বাকি টাকা ইতালিতে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।

কিন্তু ইতালির পথে তাদের নেওয়া হয় কয়েকটি দেশ ঘুরিয়ে লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পরই পাল্টে যায় পরিস্থিতি। পাসপোর্ট, মোবাইল ফোন ও ভিসাসংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয়। বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আরও ৫৭ জনের সঙ্গে একটি কক্ষে আটকে রাখা হয় তাদের।

ভুক্তভোগীদের অভিযোগ, বন্দিশালা থেকে একেকজনকে আলাদা কক্ষে নিয়ে পরিবারের সদস্যদের ফোন করতে বাধ্য করা হতো। তাদের দিয়ে পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করানো হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালানো হতো শারীরিক নির্যাতন। এভাবে কয়েক দফায় তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।

ফুলবগাদী গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা মরহুম খোদ বক্সের ছেলে জাহিদ হাসান (৫০) জানান, একসময় তার ৩০০ ভেড়ার খামার ছিল। জমি চাষের জন্য ছিল একটি ট্রাক্টর। তিনি ১২ বছর কুয়েতে ছিলেন। সব মিলিয়ে গ্রামে তার সচ্ছল জীবন ছিল। কিন্তু ইতালি যাওয়ার আশায় ২০২৫ সালের নভেম্বর মাসে নিজের সম্পদ বিক্রি করে দালালদের হাতে ২৯ লাখ টাকা তুলে দেন।

জাহিদ বলেন, ‘লিবিয়ায় ১০ মাস বন্দি থেকে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। সাগর থেকে জীবন নিয়ে ফিরলেও শরীরে নির্যাতনের ক্ষত রয়ে গেছে। অসুস্থতার কারণে দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটাতে হয় তাকে। এখন তার আর কিছুই অবশিষ্ট নেই।’

একই গ্রামের আইজউদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪২) জানান, তার ৬০টি ভেড়ার খামার ও গোয়ালে ১২টি গরু ছিল। ইতালি যাওয়ার আশায় সব বিক্রি করেছেন। ঋণ নিয়েছেন, জমি বর্গা দিয়েছেন। এরপরও দালালদের ৩২ লাখ টাকা দিয়েও ইতালি পৌঁছাতে পারেননি।

ওই গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদুল ইসলাম (২১) বলেন, বাড়িতে গরু-ছাগল পালন করে তার ভালোই চলছিল। কিন্তু বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের হাতে ৩৪ লাখ টাকা তুলে দেন। এখন সম্পদ হারিয়ে নিঃস্ব তিনি।

চুয়াডাঙ্গার এই পাঁচজনের ঘটনা বিচ্ছিন্ন নয়। তাদের মতো শত শত মানুষ বিদেশে ভালো আয়ের আশায় দালালচক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। পাচারের শিকার হয়ে মৃত্যু, নির্যাতন ও মুক্তিপণের নামে লাখ লাখ টাকা আদায়ের ঘটনা সামনে আসার পরও থামছে না মানবপাচার। বিশেষ করে ইতালি ও ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে পুরুষদের লিবিয়ায় এবং নারীদের বিভিন্ন কৌশলে দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে। এক শ্রেণির এজেন্সি ও দালালের খপ্পরে পড়ে বিপদে পড়ছেন বিদেশগমনেচ্ছুরা। এসব ঘটনায় বারবার সামনে আসছে বিমানবন্দর ব্যবস্থাপনার বিষয়টিও।

লিবিয়ায় বন্দি ভৈরবের তিন শতাধিক তরুণ

চুয়াডাঙ্গার পাঁচজনের মতোই ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিশোরগঞ্জের ভৈরবের কয়েকটি গ্রামের তিন শতাধিক তরুণ। কিন্তু দালালচক্রের ফাঁদে পড়ে এখন তাদের ঠাঁই হয়েছে লিবিয়ার বন্দিশালায়। সেখানে নির্মম নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ইতালি নেওয়ার কথা বলে তাদের মুম্বাই, সৌদি আরব ও মিশর ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে দেশীয় দালালচক্র তাদের আন্তর্জাতিক মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপর শুরু হয় নির্যাতন। মুক্তির জন্য জনপ্রতি ২৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।

বন্দিশালায় আটকে থাকা স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজন নামে স্থানীয় এক দালাল ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনপ্রতি ২২ লাখ টাকা চুক্তি করে সেই অর্থ রাজনের চাচা আরিফের হাতে তুলে দেন তারা। কিন্তু গত কয়েক মাস ধরে রাজনের বাড়ি তালাবদ্ধ। উধাও তার চাচাও।

সম্প্রতি লিবিয়ার টর্চার সেল থেকে মুক্ত হয়ে দেশে ফেরা এ এলাকার দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা বর্ণনা দেন নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা। তাদের একজন বলেন, ‘আমাদের বিক্রি করে দিয়েছিল। ৩২ জনকে মাফিয়াদের কাছে বিক্রি করার পর ব্ল্যাকমেইল করে মারধর করত। উলঙ্গ করে মারত। চিৎকার করে বলতাম, আম্মা, আমাকে বাঁচাও।’

আরেকজন বলেন, ‘বিদেশে নেওয়ার আগেই আমাকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছিল। অনেক মারধর করেছে। পিস্তলের বাঁট দিয়ে বুকে আঘাত করেছে। মারধরের পর ডলার, জাহাজের কাগজপত্র, পাসপোর্ট-সবকিছু নিয়ে গেছে।’

ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি মানুষ লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই অবৈধ পথে ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন।

দুবাইয়ে নারী পাচারের অভিযোগ

ইতালিতে যাওয়ার প্রলোভনে পুরুষদের লিবিয়ায় আটকে রাখার পাশাপাশি ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাসে নারীদের সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) পাচারের অভিযোগ রয়েছে। সেখানে নিয়ে জোরপূর্বক যৌন ব্যবসা বা শ্রম শোষণে বাধ্য করা হয় তাদের।

পাচারকারী চক্রগুলো সাধারণত কয়েকটি কৌশলে নারীদের দুবাইয়ে নিয়ে যায়। ডান্স বার, বিউটি পার্লার, রেস্টুরেন্ট বা গৃহস্থালি কাজে চাকরির মিথ্যা আশ্বাস এবং মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখানো হয়। অধিকাংশ ক্ষেত্রে কর্মসংস্থান ভিসার কথা বলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই পাঠানো হয়।

সেখানে পৌঁছানোর পরপরই নারীদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একটি নির্দিষ্ট হোটেল বা ঘরে জিম্মি করে রেখে বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। যাতায়াত ও ভিসার খরচ বাবদ ১০ থেকে ১৫ হাজার ডলারের মতো কৃত্রিম ঋণ চাপিয়ে দেওয়া হয়। সেই ঋণ শোধের অজুহাতে তাদের দেহব্যবসায় বাধ্য করা হয়।

বিমানবন্দরে ‘বডি কন্ট্রাক্ট’

মানবপাচারের সঙ্গে বিমানবন্দরের কিছু অসাধু কর্মী ও কর্মকর্তার যোগসাজশের অভিযোগও রয়েছে। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ‘বডি কন্ট্রাক্ট’ মানবপাচারের সর্বশেষ ধাপ। মানবপাচার মূলত ট্যুরিস্ট ভিসায় হয়। বর্তমানে ওমরার মাধ্যমেও হচ্ছে।

ট্যুরিস্ট ভিসায় কোনো দেশে যেতে হলে সেখানকার হোটেল বুকিং ও ফিরতি টিকিটের প্রয়োজন হয়। কিন্তু দালালরা এসব ছাড়াই বিমানবন্দর পার করে দিতে জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেয়।

এই টাকা দিয়ে তারা এয়ারলাইনসের কর্মচারী ও ইমিগ্রেশন কর্মকর্তাদের হাত করে বিমানবন্দর পার করে দেয়। একইভাবে ওমরার ক্ষেত্রেও এমনটি হয়। অর্থাৎ বিদেশগমনেচ্ছুদের কাগজপত্রে ঘাটতি থাকলেও চক্রটি টাকার বিনিময়ে তাদের বিমানবন্দর পার করে দেয়। বিমানবন্দরে এই প্রক্রিয়াকে ‘বডি কন্ট্রাক্ট’ বলা হয়। মানবপাচারের ক্ষেত্রে শব্দটি বহুল প্রচলিত।

ব্র্যাক মাইগ্রেশনের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘পরিবারগুলো যখন তাদের পাঠায়, তখন কিন্তু কারও সঙ্গে কথা বলে না। তারা সেখানে গিয়ে নির্যাতন বা গ্রেফতারের শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের কাছে আসে। শুধু ঘটনা ঘটার পর স্থানীয় দালালচক্রকে ধরলেই হবে না। কারণ, তাদের অর্থের লেনদেন কোথায় হচ্ছে? লিবিয়ায় আটকে রেখে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে? সেটি খুঁজে বের করতে হবে। এটি একটি সংঘবদ্ধ অপরাধ। তাই পুরো অপরাধচক্রকে ধরতে হবে।’

তিনি বলেন, ‘এত প্রচারণা, মুক্তিপণ কিংবা মৃত্যু সবকিছুর পরও লোকজন সচেতন না হয়ে এভাবে গেলে পরিণতি এ রকম হবে। সবার আগে নিজেদের সচেতন হতে হবে। নিজে না পারলে স্থানীয় শিক্ষিত লোকজনের সঙ্গে পরামর্শ করতে হবে।’

সিআইডির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মানবপাচার সংক্রান্ত ঘটনায় মামলা হলে সিআইডি সরাসরি বা ছায়া তদন্ত করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারও করে।

তিনি বলেন, ‘যেসব ভুক্তভোগী দেশে আসছেন, তারা স্থানীয় থানায় মামলা করলে বিষয়টি তদন্তের আওতায় আসবে। যেসব দেশীয় দালাল কিংবা কোনো এজেন্সি জড়িত থাকলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, দেশের বাইরে যাওয়ার আগে ভালোভাবে খতিয়ে দেখা উচিত। যেহেতু দালালরা এমন ঘটনা ঘটাচ্ছে, সেহেতু ভালোভাবে জেনে-বুঝে যাওয়া উচিত।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভিসা থাকে এক দেশের, চলে যায় লিবিয়ায়। সরাসরি কেউ তো লিবিয়ার ভিসায় যায় না।’

তিনি বলেন, ‘এখন একটি লোক ওমরাতে যাচ্ছে, আমি কী করে বুঝবো সে লিবিয়ায় চলে যাবে। আমি যদি আটকাই, তাহলে কালই আমার বিরুদ্ধে অভিযোগ দেবে, আমি ওমরাতে যেতে বাধা দিয়েছি। এগুলো আসলে সচেতনতার বিষয়। এতকিছু তারা দেখছে, তবুও কেন ঝুঁকি নিয়ে যেতে হবে। সচেতন না হলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে।’

বিমানবন্দরে ‘বডি কন্ট্রাক্ট’-এর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কোনও কর্মকর্তা এসব ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি দেখবো।’

/ইউএস/
সম্পর্কিত
বিজিবির ধাওয়ায় ভেস্তে গেলো মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৯
মরদেহের খোঁজে পাহাড়ে চার ঘণ্টা অভিযান, মিললো শুধু পাতিল-বিছানা
মানব পাচারকারীদের আস্তানা কেউ কাজের আশ্বাসে বিক্রি, কেউ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার আশায় বন্দি
সর্বশেষ খবর
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’