নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন ৮৮ শিক্ষার্থী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে চার জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে থাকা একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৮৮ শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনের চিকিৎসা চলছে।
এর আগে দুপুরে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ রবিউল করিম খান জানিয়েছিলেন, ৭৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। তখন পর্যন্ত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
রবিউল করিম খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের চিকিৎসা প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাসপাতালটির যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ জানান, অসুস্থ শিক্ষার্থীদের কারও শরীরে আগুনে পোড়ার ক্ষত নেই। তবে আগুনের তপ্ত ধোঁয়ায় কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কের কারণে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করেও অনেকে হাসপাতালে এসেছেন।
তিনি বলেন, তপ্ত ধোঁয়ার কারণে শ্বাসনালিতে আঘাত লাগতে পারে। এ কারণে শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে কারও শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকেও যুক্ত করা হয়েছে।
মাদ্রাসাটির সিনিয়র শিক্ষার্থী শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, লাইব্রেরিতে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করতে ঘণ্টি বাজানো হয়। সবাই ভবন থেকে নামতে শুরু করে। তবে আগুন লাগা ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ার কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরি ও ইফতা বিভাগের ক্ষতি হয়।
অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
এ সময় তিনি বলেন, ‘মাদ্রাসার কিতাব ও ভবনের এই ক্ষয়ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক। এটি গোটা দ্বীনি অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। মহান আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এই কঠিন বিপদে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগুনে মাদ্রাসার পুরোনো ভবনের দ্বিতীয় তলায় থাকা মাকতাবা (পাঠাগার) ও ইফতা বিভাগ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা মূল্যের অসংখ্য দুর্লভ ও মূল্যবান ধর্মীয় বই নষ্ট হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে বলে জানান শায়েখ সাজিদুর রহমান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ত্রাণবিষয়ক সম্পাদক ও তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব বলেন, আহত শিক্ষার্থীদের জন্য সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিকালের নাশতার ব্যবস্থাও করা হচ্ছে। আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ৭৭ জনের মধ্যে অধিকাংশই এখন আশঙ্কামুক্ত।