বিদেশি গ্রেফতারি পরোয়ানা দেশে কার্যকর করার আইনি সুযোগ নেই: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৮:০৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৪

বিদেশি কোনো আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার আইনি সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) মামলার আইনজীবীরা এ তথ‍্য নিশ্চিত করেন। ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলার আদেশে এ অভিমত দেন হাইকোর্ট। গত ৯ নভেম্বর বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সানোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল ওয়াহাব। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন, মো. গোলাম রাজীব ও মো. ফুয়াদ হাসান।

আদালত বলেছেন, বিদেশি আদালতের পরোয়ানা জারির কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কাউকে গ্রেফতার কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তরের কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলম সংযুক্ত আরব আমিরাতে জেরাব এলএলসিতে কর্মরত থাকা অবস্থায় অর্থ আত্মসাতের অপরাধে জড়িত হন। পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এ ঘটনায় দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়। তবে দণ্ডিত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রিট আবেদনকারীর দাবি, পরবর্তী সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তারা জানতে পারেন, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়।

কিন্তু এসব আবেদনের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।

এদিকে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি, আইনি বিধান বা কাঠামো নেই। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি চ্যানেলে প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।

এ অবস্থায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার আইনগত ভিত্তি নেই বলে আদালতে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

পরে রিট আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্ট বলেন, কাউকে গ্রেফতার করা কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আইনের কর্তৃত্ব থাকতে হবে। বিদেশি আদালতের জারি করা কোনো পরোয়ানা শুধু জারির কারণেই বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরযোগ্য হয়ে যায় না। একইভাবে, তা কার্যকর করার জন্য দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও সৃষ্টি করে না।

আদালত আরও বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ দেশের প্রযোজ্য আইনি কাঠামো এবং তাতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই গ্রহণ করতে হবে।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিদেশি কোনো ফৌজদারি কার্যক্রমে বেসরকারি কোনো পক্ষের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমে তারা বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করতে পারে না।

যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তাদের কথিত নিষ্ক্রিয়তাকে সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে গণ্য করার সুযোগ নেই।

এসব পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্ট বলেন, বিবাদীদের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার ক্ষেত্রে রিট আবেদনকারী প্রয়োজনীয় আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে কোনো রুল জারি না করে রিট আবেদনটি নিষ্পত্তি করা হলো।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
বিচারককে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কতজন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কতজন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা