বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সারজিও লিয়ার্দো। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।
বুধবার (২৫ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে যান। সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালন সক্ষমতা বাড়াতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরের তৃতীয় দিনে তিনি চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন পরিচালন সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সফরে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়। ভাইস অ্যাডমিরাল সারজিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। পাশাপাশি সামুদ্রিক কার্যক্রম সম্পর্কে সচেতনতা, মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেশাগত দক্ষতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও অপরাধ দমনে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
সফর শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ইতালি ফিরে যান ভাইস অ্যাডমিরাল সারজিও লিয়ার্দো।