এভাবে যাওয়ার ছিল না জুলহাজের। সম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই করতে শেখাতেন যিনি, তিনি কখনো এভাবে হত্যার শিকার হবেন ভাবেনি কেউ। রাজধানীর কলাবাগানে সোমবার সন্ধ্যায় বাসায় ঢুকে ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহতদের একজন জুলহাজ মান্নান (৩৫)। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপ মনির আপন খালাতো ভাই। অপরজন তার বন্ধু তনয়। নিহত জুলহাজ মান্নান দেশের সমকামীদের পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। গত পহেলা বৈশাখে সমকামীরা টিএসসি এলাকা থেকে একটি র্যালি বের করার চেষ্টা করে। তখন পুলিশ তাদের চারজনকে আটক করে। ওইদিন রাতেই স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
রূপবান-এ কাজের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা বলতে গিয়ে তাদের এক বন্ধু বলেন, আমি কখনো তাকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি। অনেক মায়া দেখিয়ে মানুষের মনের অবস্থা বুঝে তিনি আচরণ করতেন। কান্নাভেজা গলায় তিনি বলেন, মনের ভেতর বন্ধুদের এখনও অবিশ্বাস- জুলহাজ এভাবে মরতে পারে না। তিনি আরও বলেন, কেবল এলজিবিটি রাইটস অ্যাক্টিভিস্ট বলেই কি মেরে ফেলতে হবে। রূপবান পত্রিকা সাম্প্রতিক বিষয়। কিন্তু উনাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। এই সরব অ্যাক্টিভিস্ট বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলার পর পরিচয় প্রকাশ না করার অনুরোধ করে বলেন, কখনো এত ভয় পাইনি। এখনও বিশ্বাস হচ্ছে না, জুলহাজ নেই। আমার পরিচয় গোপন রাখবেন।
এদিকে জুলহাজের আরেক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনারা কি বুঝতে পারেন- এদেশে সমকামীদের অধিকার রক্ষায় প্রচেষ্টার লড়াই যিনি করতে চান তাদের খুন করতে পারে কারা। ওর মতো বিনয়ী মানুষ কলাবাগানের এই তেতুলগলিতে কেউ আছে কিনা জিজ্ঞেস করে দেখতে পারেন। নববর্ষের ঘটনায় তারা এক্সপোস্ড হয়েছেন মনে করে তিনি আরও বলেন, আমরা একসঙ্গে লড়াই করি। নববর্ষের মতো ঘটনা আগেও আমাদের সঙ্গে বহু ঘটেছে। সমাজে আমরা সেগুলো মোকাবেলা করেই এগিয়েছি। কিন্তু যে জুলহাজ সবাইকে সম্মান নিয়ে বাঁচার কথা বলতো তাকে এভাবে চলে যেতে হলো- এটাই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। জুলহাজের ফেসবুকজুড়ে হাহাকার। বন্ধুরা জানতে চান, একবার হলেও জুলহাজ যেন বলেন, তিনি ঠিক আছেন। ওয়ালে ছড়িয়ে পড়েছে, বিশ্বাস হয় না, একবার বলো নিউজে তোমার কথা বলা হচ্ছে না।
/ইউআই/এএইচ/
আরও খবর পড়ুন-








