৯৭ বছরে থামলো শিল্পের অনন্ত যাত্রা, চলে গেলেন পোলকা ডটের রানি কুসামা

জীবনযাপন ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১৯:৩০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৯:৩০

রঙিন পোলকা ডট, অসংখ্য আয়না, কুমড়ার ভাস্কর্য আর অসীমতার অনুভূতি, এই স্বতন্ত্র শিল্পভাষা দিয়েই বিশ্বজুড়ে আলাদা এক জগৎ তৈরি করেছিলেন জাপানি শিল্পী ইয়ায়োই কুসামা। সমকালীন শিল্পকে গ্যালারির চার দেয়ালের বাইরে নিয়ে গিয়ে ফ্যাশন, ইনস্টলেশন ও জনপ্রিয় সংস্কৃতির সঙ্গেও মিশিয়ে দিয়েছিলেন তিনি। সেই কিংবদন্তি শিল্পী আর নেই। গত ১৪ আগস্ট ৯৭ বছর বয়সে টোকিওর একটি হাসপাতালে মারা গেছেন কুসামা। তাঁর মৃত্যুর খবর বৃহস্পতিবার তাঁর নিজস্ব প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।

‘পোলকা ডট কুইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত কুসামা প্রায় সাত দশক ধরে শিল্পচর্চা করেছেন। ছবি আঁকা থেকে ভাস্কর্য, পারফরম্যান্স, সাহিত্য এবং বিশাল আকারের ইনস্টলেশন শিল্পের নানা মাধ্যমকে নিজের মতো করে ব্যবহার করেছেন তিনি। জীবনের শেষ দিনগুলোতেও তুলি থামাননি।

কুসামার শিল্পকর্ম। ছবি: সংগৃহীত

১৯২৯ সালে জাপানের মাতসুমোতো শহরে জন্ম কুসামার। ছোটবেলা থেকেই নানা ধরনের দৃশ্য ও বিভ্রমের অভিজ্ঞতা তাঁর শিল্পচর্চায় গভীর প্রভাব ফেলে। সেই অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে তাঁর ছবিতে জায়গা করে নেয় অসংখ্য বিন্দু, জাল ও পুনরাবৃত্ত নকশা।

১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কুসামা। পরের বছর নিউইয়র্কে তাঁর নতুন শিল্পভাষার প্রকাশ শুরু হয়। ‘ইনফিনিটি নেটস’, নরম ভাস্কর্য, আয়না ও আলো দিয়ে তৈরি ইনস্টলেশন সবকিছুতেই তিনি বারবার ফিরে গেছেন পুনরাবৃত্তি, অসীমতা ও নিজেকে বিলীন করে দেওয়ার ধারণায়। ষাটের দশকে নিউইয়র্কের অ্যাভাঁ-গার্দ শিল্প আন্দোলনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি।

কুসামার সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে ‘ইনফিনিটি মিরর রুমস’। আয়না, আলো ও অসংখ্য প্রতিফলনের মাধ্যমে তৈরি এসব ইনস্টলেশনে দর্শক যেন ঢুকে পড়েন এক সীমাহীন মহাবিশ্বে। তাঁর কুমড়ার ভাস্কর্য ও পোলকা ডটে মোড়া বিশাল ইনস্টলেশনও বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করেছে।

ইয়ায়োই কুসামা মিউজিয়াম। ছবি: সংগৃহীত

তবে কুসামার শিল্প শুধু সমকালীন শিল্পের গণ্ডিতে আটকে থাকেনি। হাই ফ্যাশনের সঙ্গেও তাঁর সৃষ্টিশীলতার অনন্য মেলবন্ধন ঘটেছিল। বিলাসবহুল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁ-এর সঙ্গে তাঁর সহযোগিতা শিল্প ও ফ্যাশনের সম্পর্ককে নতুন মাত্রা দেয়। ব্র্যান্ডটির ইতিহাসেও কুসামার সঙ্গে সহযোগিতার কথা উল্লেখ রয়েছে।

কুসামার শিল্পকে বলা যায় এক অর্থে আর্ট ও ক্র্যাফটের সীমারেখা ভেঙে দেওয়া এক সৃজনশীল ভাষা। একটি সাধারণ বিন্দু, একটি কুমড়া কিংবা একটি ঘর তাঁর হাতে এসবই পরিণত হয়েছে স্মরণীয় শিল্পকর্মে। পুনরাবৃত্তির মাধ্যমে তিনি তৈরি করেছেন এমন এক দৃশ্যজগৎ, যা একই সঙ্গে খেলাচ্ছলে আকর্ষণীয় এবং গভীরভাবে চিন্তাশীল।

তাঁর ছবিতে জায়গা করে নেয় অসংখ্য বিন্দু। ছবি: সংগৃহীত

১৯৭৩ সালে জাপানে ফিরে আসার পরও তাঁর সৃষ্টিশীলতা থামেনি। পরবর্তী সময়ে তিনি বড় আকারের ইনস্টলেশন, আউটডোর ভাস্কর্য এবং ‘ইনফিনিটি মিরর রুমস’ সিরিজের কাজ চালিয়ে যান। ২০১৭ সালে টোকিওতে খোলা হয় ইয়ায়োই কুসামা মিউজিয়াম, যা তাঁর শিল্পকে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পৌঁছে দেয়।

জাপান সরকারও তাঁর শিল্পীসত্তার স্বীকৃতি দিয়েছে। ২০০৬ সালে তিনি অর্ডার অব দ্যা রাইজিং সান এবং প্রেমিয়াম ইম্পেরিয়ালে-সহ গুরুত্বপূর্ণ সম্মান পান। ২০১৬ সালে পান জাপানের অন্যতম সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান অর্ডার অব কালচার।

কুসামার বিদায়ে তাই শুধু একজন শিল্পীর জীবনাবসান হলো না, সমকালীন শিল্পের এক সম্পূর্ণ স্বতন্ত্র অধ্যায়েরও অবসান ঘটল। পোলকা ডট, আয়না, কুমড়া আর অসীমতার যে জগৎ তিনি তৈরি করেছিলেন, তা তাঁকে শিল্পের ইতিহাসে চিরস্থায়ী করে রাখবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন