আসন্ন মৌসুমের জন্য ঘর গুছিয়ে ফেলেছে আবাহনী লিমিটেড। শেখ মোরসালিন, মিতুল মারমাদের নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে নতুন করে অনুশীলন শুরু করবে দলটি। গত মৌসুমের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি দলে যোগ হচ্ছে চার বিদেশি ফুটবলার।
তাদের মধ্যে রয়েছেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা ফুটবলারও। আবাহনীর নতুন সাইনিং আক্রমণাত্মক মিডফিল্ডার মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ব্রাজিল বিশ্বকাপে বাবাতুন্দে খেলেছিলেন আর্জেন্টিনার বিপক্ষেও। সেই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে জয় পেয়েছিল।
এছাড়া পরীক্ষিত চিনেদু ম্যাথিউসহ আরও দুই নাইজেরিয়ান ফুটবলারকে দলে ভেড়াচ্ছে আবাহনী।
আবাহনী লিমিটেডের কোচ মারুফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবাতুন্দেসহ চার ফুটবলার আবাহনীতে খেলবেন। তাদের সবকিছু নিশ্চিত হয়েছে। আমাদের সীমিত বাজেটের মধ্যে চেষ্টা করছি ভালো দল গড়ার।’
আগামী ৩০ আগস্ট থেকে আবাহনীর অনুশীলন শুরু হবে। তবে বিদেশি খেলোয়াড়রা দলের সঙ্গে যোগ দেবেন আরও পরে।
এবারও শিরোপার জন্য লড়াইয়ের প্রত্যাশা মারুফুলের। তিনি বলেন, ‘আবাহনীর লক্ষ্য শীর্ষস্থান। এখন অনুশীলন শুরু হলে কার কী অবস্থা তা বোঝা যাবে। দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ভালো দল গড়ার পর এখন মাঠেও ভালো খেলতে হবে।’

এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে আরব আমিরাত-সিরিয়ার গ্রুপে বাংলাদেশ







