প্রশ্ন: আমি মাত্রাতিরিক্ত শুচিবায়ুগ্রস্ত। এই কারণে দৈনন্দিন জীবনে আমাকে বেশ বিড়ম্বনা পোহাতে হয়। বারবার হাত ধোয়া, ঘর পরিষ্কার করা, এমনকি পরিষ্কার জিনিসও বারবার পরিষ্কার করি আমি। এই শুচিবায়ু সমস্যার সমাধান আছে কি?
উত্তর: আপনি যে কাজগুলো ইচ্ছার বিরুদ্ধে হলেও না করে থাকতে পারেন না যেমন বারবার হাত ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি= সে কাজগুলো থেকে নিজেকে জোর করে বিরত রাখাই হলো সমাধান। প্রথম কিছুক্ষণ নিজের ভেতরে অস্থিরতা অনুভব করলেও অল্প কিছুক্ষণের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে আপনার ভেতরে। এভাবে চেষ্টা করতে যদি ব্যর্থ হন, তাহলে আপনাকে মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
প্রশ্ন: আমার মধ্যে সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করে। যেমন সবসময় মনে হয় আমার সঙ্গে খারাপ কিছু ঘটবে বা আমার প্রিয়জন মারা যাবে। এই দুশ্চিন্তা আমার স্বাভাবিক জীবনযাপনে প্রভাব ফেলছে। করণীয় কী?
উত্তর: আপনি যে অমূলক দুশ্চিন্তা রোগে ভুগছেন তা থেকে প্রাথমিক অবস্থায় নিজের চেষ্টায় বের হয়ে আসাটা একটু কঠিন। কারণ আমরা যতোই এধরনের দুশ্চিন্তা দূর করার চেষ্টা করবো, ততোই তা আমাদেরকে গ্রাস করবে। এই চক্র থেকে বের হতে হলে প্রথমে আপনাকে দুশ্চিন্তার সাথে যুদ্ধ করা বন্ধ করতে হবে। কারণ এ যুদ্ধে কখনোই আপনি জিততে পারবেন না। প্রথমে আপনাকে মনের মধ্যে আসতে থাকা অহেতুক দুশ্চিন্তাকে মেনে নিতে হবে। যখন আপনি এই অহেতুক দুশ্চিন্তার সাথে যুদ্ধ করা ছেড়ে দেবেন, তখন আপনার ভেতরে ধীরে ধীরে একটা প্রশান্তি চলে আসবে। এভাবে চর্চা করতে থাকলে আপনি একসময় অহেতুক দুশ্চিন্তাকে সাহসিকতার সাথে মোকাবিলা করতে পারবেন। এভাবে চেষ্টা করে ব্যর্থ হলে আপনাকে অবশ্যই কোনও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।









