পছন্দের ফিঙ্গার ফুড নিয়ে আয়েশ করে বসে নেটফ্লিক্সে সিনেমা বা সিরিজ দেখার আনন্দ তুলনাহীন। ছুটির দিন বা অবসর এভাবে কাটাতে ভালোবাসেন সিনেমাপ্রেমীরা। বিশ্বজুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার নামছে রেস্তোরাঁ ব্যবসায়। জুন অর্থাৎ চলতি মাসের ৩০ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চালু হতে যাচ্ছে ‘নেটফ্লিক্স বাইট’ নামের নেটফ্লিক্সের নতুন রেস্তোরাঁ। বাংলাদেশিদের জন্য সুখবর হচ্ছে, এই রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শেফ নাদিয়া হুসেইনের তৈরি করা খাবার।
নেটফ্লিক্সের ফুড শোয়ে দেখানো বিভিন্ন খাবারের পদ পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। এশিয়া, লাতিন আমেরিকা, আমেরিকার স্ট্রিট ফুড নিয়ে রয়েছে নেটফ্লিক্সের তথ্যচিত্র। শেফস টেবিল পিৎজা, বারবিকিউ, ফ্লেভারফুল অরিজিন, ফ্রেশ ফ্রায়েড অ্যান্ড ক্রিস্পি, নাদিয়া বেকস, বারবিকিউ শোডাউন—এমন আরও অনেক শো রয়েছে নেটফ্লিক্সে, যার বিষয়বস্তু হলো খাবার। শেফস টেবিল, আয়রন শেফস, ইজ ইট কেক, ড্রিংক মাস্টার্সের মতো কুকিং শোগুলো দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। তারকা রন্ধনশিল্পীদের দেখা যায় এসব শোয়ে। কার্টিস স্টোন, ডমিনিক ক্রেন, মিং সাই, অ্যান কিম, নাদিয়া হুসেইন, জাক তোরেস ও অ্যান্ড্রু জিমার্নের মতো বিশ্বখ্যাত শেফদের রান্না এবার চোখে দেখার পাশাপাশি চেখে দেখতে পারবেন নেটফ্লিক্স বাইট রেস্তোরাঁয়।
রেস্তোরাঁর সাজসজ্জায় থাকছে নেটফ্লিক্সের নিজস্ব স্টাইল। পরিবেশের মাধ্যমে নেটফ্লিক্সের শোগুলোর ঝলক ফুটে উঠবে। মেন্যুর উপরও বেশ জোর দিচ্ছে নেটফ্লিক্স। যেসব পদগুলো মেন্যুতে যোগ করা হবে, তার সঙ্গে যোগ থাকবে নেটফ্লিক্সের কোনও না কোনও সিরিজের।
লস অ্যাঞ্জেলসের ওয়েস্ট হলিউডের শর্ট স্টোরিজ হোটেলে খুলছে ‘নেটফ্লিক্স বাইটস।’ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্টটি। বিশেষ ব্যবস্থা থাকবে উইকএন্ডে। শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। এই দুইদিনই থাকবে বিশেষ ব্রাঞ্চ।
তবে চাইলেই কিন্তু সরাসরি আপনি যেতে পারবেন না এখানে! রেস্তরাটিতে খেতে চাইলে প্রথমে অনলাইনে বুকিং দিতে হবে। এজন্য ডিপোজিট করতে হবে ২৫ ডলার। এই টাকা পরবর্তীতে খাবারের বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।








