দোরগোড়ায় চলে এসেছে বড়দিন। পশ্চিমা দেশগুলোর মতো অতোটা জমকালো আয়োজন না হলেও বেশ ঘটা করেই আমাদের দেশে দিনটি উদযাপিত হয়। হোটেল-রেস্টুরেন্টগুলোতে থাকে নানা আয়োজন। উৎসবের আবহ ঘরে নিয়ে আসতে চলে রঙিন নানা উপকরণ কেনাকাটা। কেনাকাটার জন্য সময় বের করতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই। হাতের কাছে থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়েই ঘরে নিয়ে আসতে পারেন উৎসবের আবহ। জেনে নিন কিছু আয়ডিয়া।
- হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন ম্যাসন জার স্নো গ্লোব। এজন্য লাগবে একটি বড় কাচের বয়াম। তার সঙ্গে আরও দরকার কিছু তুলা বা সাদা ফোম, ছোট ক্রিস্টমাস ট্রি, সুতা এবং টেপ। বয়ামের নিচে টেপ লাগিয়ে ক্রিস্টমাস ট্রির স্ট্রাকচার সেট করুন৷ এবার তুলা ও সাদা ফোম এমনভাবে ভরুন যেন মনে হয় বরফ পড়েছে৷ বয়ামের ঢাকনায় সুতো লাগিয়ে তার মধ্যে ছোট ছোট তুলোর বল বা সাদা শোলার বল এমনভাবে লাগান যেন ঢাকনা বন্ধ করলে বরফ পড়ছে বলে মনে হয়৷ ব্যস আপনার ম্যাসন জার স্নো গ্লোব তৈরি। চাইলে ছোট কিছু ক্রিস্টমাস অর্নামেন্টও যোগ করতে পারেন বয়ামে।
- ফেইরি লাইট ভরে ফেলতে পারেন স্বচ্ছ কাচের বয়ামে। আবার নকশা করা কাচের বয়ামে ভরলেও চমৎকার আলোকছটায় ঘর হয়ে উঠবে উৎসবময়। লাইটসহ বয়ামটি রেখে দিন ঘরের কোণে।
- ঘরে উৎসবের আমেজ আনতে রঙিন ঝালরের বিকল্প নেই। ঝালর বানিয়ে ফেলতে পারেন কাগজ কিংবা কাপড় দিয়ে। ঘরের প্রবেশমুখে টাঙ্গিয়ে দিতে পারেন ঝালর। জরি দিয়েও বানিয়ে ফেলা যায় ঝালর।
- একটি বড় মাটির ছড়ানো পাত্রে পানি দিয়ে দিন। উপরে ভাসিয়ে দিন গোলাপ ফুলের পাপড়ি ও ফ্লোটিং মোম। মোম জ্বালিয়ে বসার ঘরের কোণে রেখে দিন। বেশ একটা উৎসবের আনন্দ চলে আসবে ঘরে।
- অতিথিদের অভ্যর্থনা জানাতে ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারেন ঘরে তৈরি উইন্ডচাইম। এজন্য বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতলের ঢাকনা নিন। ঢাকনার মাঝ বরাবর ছিদ্র করে সুতা কিংবা দড়ি বেধে ঝুলিয়ে দিন ঘরের বাইরে।
- সরু মুখওয়ালা কাচের বোতলের ভেতর চিরহরিৎ ধরনের গাছ রাখুন। ভেতরে পানি ভরে নিন। উপরে লাল রঙের মোম বসিয়ে বানিয়ে ফেলুন মোমদানি। এটি রেখে দিন বসার ঘরে।
- কাগজ কেটে বিভিন্ন আকৃতির স্নোফ্লেক্স বানিয়ে ঝুলিয়ে দিন ছাদ থেকে। টেপ ব্যবহার করে দেয়াল বা জানালায় আটকে দিতে পারেন। স্নোফ্লেক্স যে কেবল সাদা কাগজ দিয়েই বানাতে হবে এমন নয়। রূপালি সোনালি, হালকা নীল বা যেকোনো রঙ দিয়েই বানিয়ে ফেলতে পারেন।









