ঈদ মানেই ভারী খাবার খাওয়া ও দৈনন্দিন নিয়মের ছন্দপতন। প্রতিদিন হয়তো ৩০ মিনিট করে ব্যায়াম করা হতো, কিন্তু ঈদের ছুটির মধ্যে ব্যায়াম আর করা হয়ে উঠছে না। আবার দুই বেলা খাওয়া হচ্ছে পোলাও, মাংস বা তেলে ভাজা খাবার। সব মিলিয়ে অনেকেরই এই সময় হজমের গণ্ডগোল, পেট ফেঁপে যাওয়া বা পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যায় কী করবেন? জেনে নিন সেটা।
- পুদিনা চা খেতে পারেন। বমি বমি ভাব এবং বদহজমের ঘরোয়া প্রতিকার এটি। ১ কাপ পানি ফুটিয়ে সামান্য ঠান্ডা করে নিন। ৮-১০টি পুদিনা পাতা কাপে রেখে গরম পানি ঢেলে ৩ মিনিট অপেক্ষা করুন। চাইলে এক টুকরো লেবু বা অল্প পরিমাণ মধু দিতে পারেন। এবার পান করুন পুদিনা চা।
- কিছুক্ষণ হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন। শারীরিক কার্যকলাপ পরিপাকতন্ত্রের পেশীগুলোতে রক্ত প্রবাহ বাড়ায়, যা খাবার হজম সহজ করে।
- কার্বনেটেড পানীয় পান করবেন না। এতে পেটে গ্যাস জমতে পারে।
- খুব তাড়াতাড়ি খাবার খাবেন না। ধীরে ধীরে চিবিয়ে খান।
- ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে অন্ত্রে থাকে। গাঁজনযুক্ত খাবারে ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে। তাই টক দই রাখতে পারেন খাদ্য তালিকায়।
- কোলেস্টেরল কমানো থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমাতে ফাইবারের ভূমিকা অপরিসীম। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি খাবার হজমেও সাহায্য করে। আস্ত শস্যদানা, তাজা ফল এবং সবজি, বাদাম এবং বীজ রাখুন খাদ্য তালিকায়।
- পর্যাপ্ত পরিমাণে পানি ও তরলজাতীয় খাবার খান।
- প্রক্রিয়াজাত খাবার, তেলে ভাজা খাবার, মসলা বেশি এমন খাবার, অ্যাসিডিক খাবার যেমন ভিনেগার এবং সাইট্রাস ফল যেমন কমলার মতো খাবার এড়িয়ে চলুন।
তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে









