কিছু খাবার রয়েছে যেগুলো সারারাত পানিতে ভিজিয়ে রেখে খেলে আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। খাবারগুলো আমাদের ক্লান্তি দূর করে, পেট সুস্থ রাখে এবং শরীরে শক্তি জোগায়। এসব খাবার পুষ্টির মান বৃদ্ধি করে এবং অক্সালেট ও ফাইটেটের মতো পুষ্টি প্রতিরোধকগুলোকে বের করে দেয়। তাছাড়া কিছু খাবার আগে ভিজিয়ে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বেশ কিছু ভাইরাল ইনফেকশনও প্রতিরোধ করা যায়। জেনে নিন সর্বোচ্চ পুষ্টি পেতে কোন কোন খাবার সারারাত ভিজিয়ে রেখে খাবেন।
- নির্দিষ্ট পরিমাণ কাঠবাদাম প্রতিদিন খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গবেষণা বলছে, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয়। পানি অথবা দুধে ভিজিয়ে খেলে কাঠবাদামের পুষ্টিগুণ বেড়ে যায়। এতে থাকা ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট বেড়ে আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে কাঠবাদাম। রাতে কয়েকটি বাদাম ভিজিয়ে রেখে পরদিন সকালে খোসা ছাড়িয়ে খান।
- পুষ্টিবিদ প্রীতিকা বেদী হেলথশটস ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছেন, কিশমিশ সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খেলে ত্বক হবে সুস্থ ও উজ্জ্বল। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, কিশমিশে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং এগুলো ভিজিয়ে রাখলে যৌগগুলো আরও বেশি উৎকৃষ্ট হয়। ভেজানো কিশমিশ প্রাকৃতিক খাদ্যতালিকাগত ফাইবারের একটি বড় উৎস, যা একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
- ফাইবারে ভরা মেথির বীজ হজমের সমস্যা কমাতে সাহায্য করে। আগের দিন রাতে এক চামচ মেথির বীজ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি খান। মেথি আয়রন, ম্যাগনেসিয়াম এবং ম্যাংগানিজসহ ফাইবার, ভিটামিন এবং খনিজের সমৃদ্ধ উৎস। হজমে সহায়তা করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি- এমনটি বলছে এনডিটিভির একটি প্রতিবেদন।









