প্রশ্ন: আমার বয়স ৪০ বছর। স্ত্রী থাকার পরেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছি। যার সাথে সম্পর্ক সে ডিভোর্সি, দুই সন্তান আছে। আমারও সন্তান আছে দুইজন। স্ত্রীকে ডিভোর্স দিলে সন্তানদের কাছে রাখতে পারবো না। আবার যার সাথে সম্পর্ক তাকেও আমি জীবনে চাই। স্ত্রীর প্রতি আর ভালোবাসা কাজ করে না। কী করবো?
উত্তর: ১) স্বতঃস্ফূর্ততা, ধৈর্য, সহানুভূতির উপর গুরুত্ব দিন: এই তিনটি আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার পরিস্থিতিতে, নিজের এবং অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন। ধৈর্য্য ধরে চিন্তা করুন এবং প্রকৃতির স্বতঃস্ফূর্ততার উপর আস্থা রাখুন। জীবন একটি প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তনের ধারা। একে প্রতিরোধ করতে গেলে তা কেবল দুঃখ সৃষ্টি করবে। বাস্তবতাকে বাস্তবতা হতে দিন। সবকিছু যেভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যায়, সেভাবে এগিয়ে যেতে দিন। আপনার জীবনের পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখুন।
২) নিজেকে বোঝার চেষ্টা করুন: অন্যদের জানা বুদ্ধিমত্তা আর নিজেকে জানা প্রকৃত জ্ঞান। আপনার নিজের অনুভূতি এবং চাহিদাগুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আপনি কী চান এবং কেন চান তা স্পষ্টভাবে জানুন।
৩) প্রত্যাশা ছাড়াই কাজ করুন: আপনার কাজ এবং সিদ্ধান্তগুলোতে প্রত্যাশা কম রাখুন। পরিস্থিতি যেভাবে এগিয়ে যায়, সেভাবে এগিয়ে যেতে দিন।
৪) নিজের সকল বৈশিষ্ট্যকে আপন মনে করুন: আপনার চরিত্র ও মননের তথাকথিত ভালো ও মন্দ সকল বৈশিষ্ট্যকে সম্মান করুন, ভালোবাসুন, আপন মনে করুন।
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। বয়সের তুলনায় আমার ওজন প্রায় ৩০ কেজি বেশি। পিসিওএসের সমস্যা থাকার কারণে ওজন সহজে কমতে চায় না। আমি খুব হীনমন্যতায় ভুগি এটা নিয়ে। ডাক্তার দেখিয়েও কোনও লাভ হয়নি। দিন দিন ওজনের সমস্যাটা নিয়ে আমি হতাশ হয়ে পড়ছি।
উত্তর: ১) ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন: প্রতিদিন একটানা ১৬ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। সে সময় পানি, চিনিবিহীন রং চা বা ব্ল্যাক কফি ছাড়া কোনও কিছু খাবেন না। দিনের বাকি ৮ ঘন্টা সময়ের মধ্যে বাকি সব খাবার গ্রহণ করুন।
২) ফ্যাট এডাপটেশন করুন: ভাত, রুটি, চিনি, দুধ, বিস্কুটসহ সব ধরনের সহজ শর্করা (সিম্পল কার্বোহাইড্রেট) পরিহার করুন। বেশি করে প্রাণিজ প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার (মাছ, মাংস, ডিম, ঘি) গ্রহণ করুন।
৩) প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন: সব ধরনের প্রক্রিয়াজাত খাবার, সয়াবিন তেল বর্জন করুন। সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে রান্না করুন।
৪) জীবনযাপন প্রণালির পরিবর্তন করুন: প্রতিদিন খালিপায়ে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা মাটির উপর হাঁটুন। শরীরে রোদ লাগান অথবা ভিটামিন ডি (কোলিক্যালসিফেরল) সাপ্লিমেন্ট গ্রহণ করুন। নিয়মিত ব্যায়াম, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন।









