জমে থাকা মৃত কোষ ত্বক বিবর্ণ করে তোলে। নির্দিষ্ট সময় পরপর তাই ত্বকের যত্নে এক্সফোলিয়েশন জরুরি। তবে ত্বক স্পর্শকাতর হলে সাধারণ স্ক্রাব বা এক্সফোলিয়েটর ত্বক আরও শুষ্ক করে দেয়। কারণ ত্বকের নিজস্ব তেল বা সেবাম ক্ষরণের মাত্রা কমে যায়। তাই এক্সফোলিয়েট করার পর ময়েশ্চারাইজার ব্যবহারের উপর জোর দেন বিশেষজ্ঞরা। তবে ঘরোয়া এক্সফোলিয়েটর হিসেবে যদি খেজুরের পেস্ট ব্যবহার করেন, তবে ত্বক শুষ্ক হবে না।
আরও যেসব কারণে ত্বকে ব্যবহার করবেন খেজুর
- খেজুরে নানা ধরনের ভিটামিন রয়েছে। এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে।
- ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট। খেজুরে এই উপাদানটি রয়েছে যথেষ্ট পরিমাণে, যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে। ফলে সহজে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না।
যেভাবে ব্যবহার করবেন ত্বকে
পাঁচটি খেজুর, আধা চা চামচ মধু, কিছুটা ওটস এবং আধা চা চামচ টক দই একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। মিহি পেস্ট তৈরি হলে ত্বকে লাগান। চক্রাকারে ম্যাসাজ করুন ত্বক। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।









