চিয়া সিডের গুণের কথা আমাদের অজানা নয়। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতনদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে সুপার ফুড হিসেবে পরিচিত এই বীজ। প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ উপকারী চিয়া সিড খেলে মেদ কমে- এমনটা মনে করেন অনেকেই। কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি? ফিটনেস কোচ র্যালস্টন ডি'সুজা তার ইনস্টাগ্রাম পোস্টে সম্প্রতি জানিয়েছেন বিষয়টি নিয়ে।
মেদ কমানো এবং ওজন কমানো অনেকে একই মনে করলেও আদতে মেদ এবং ওজন দুটি আলাদা বিষয়। মেদ কমানো বলতে কেবল শরীরের চর্বি হ্রাস বোঝায়, যেখানে ওজন হ্রাস হলো সামগ্রিক শরীরের ওজন কমানো। র্যালস্টনের মতে, যদি আপনি অন্য কোনও পরিবর্তন না করে আপনার খাদ্য তালিকায় শুধুমাত্র চিয়া বীজ যোগ করেন, তাহলে উল্টো মেদ বৃদ্ধি পেতে পারে। কারণ চিয়া বীজ খুবই পুষ্টিকর এবং ফাইবারে ভরপুর, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এগুলো কিন্তু বেশ উচ্চমাত্রার ক্যালোরিও থাকে। ১০০ গ্রাম চিয়া বীজে ৫০০ ক্যালোরি পর্যন্ত থাকতে পারে। তাই চিয়া বীজ স্বাস্থ্যকর হলেও আপনি কতটা খাচ্ছেন সে সম্পর্কে সচেতন থাকতে হবে।
র্যালস্টন আরও জানান, মেদ কমানোর জন্য কম ক্যালোরি খাওয়া প্রয়োজন, তাই যখনই আপনি ক্ষুধার্ত বোধ করবেন তখনই সবকিছুতে চিয়া বীজ যোগ করবেন না। সেক্ষেত্রে এটি কাজ করবে না। অজনে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে আপনাকে অবশ্যই আপনার খাদ্যতালিকা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে এবং একটি মাত্র খাবারের উপর নির্ভর করবেন না।
খাদ্য তালিকায় চিয়া বীজ কীভাবে অন্তর্ভুক্ত করবেন?
- চিয়া বীজ দুধে ভিজিয়ে রাখলে একটি সুস্বাদু পুডিং তৈরি হয়। এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন।
- চিয়া সিড স্মুদিতে মিশিয়ে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে ভেজানো চিয়া সিড স্মুদির গ্লাসে যোগ করুন। এগুলো জেলের মতো টেক্সচার নিয়ে আসবে স্মুদিতে।
- চিয়া সিডের সাথে ওটস, কলা, দুধ, বাদাম, খেজুর এবং মধু মিশিয়ে নিন। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু।
তথ্যসূত্র: এনডিটিভি









