কাঁঠালের বিচি দিয়ে কত কিছুই না রান্না করা যায়। ভর্তা, তরকারি কিংবা ভাজির বাইরে এবার এই পরিচিত উপকরণেই বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্যরকম স্বাদের ডাল। মুগডালের সঙ্গে কাঁঠালের বিচির মেলবন্ধনে তৈরি এই পদে থাকবে ঘি ও মসলার সুন্দর ঘ্রাণ। গরম ভাতের সঙ্গে দুপুরের পাতে এমন ডাল থাকলে সাধারণ খাবারও হয়ে উঠবে জমজমাট।
এই পদ রান্না করতে প্রথমে আধা কাপ মুগডাল শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিন। এরপর ডাল ভালোভাবে ধুয়ে রাখুন। আধা কাপ কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে।
এবার একটি পাত্রে মুগডাল ও কাঁঠালের বিচি নিয়ে তার সঙ্গে আধা টেবিল চামচ রসুন কুচি, আধা টেবিল চামচ আদা কুচি, এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, দুটি এলাচ, দুই টুকরো দারচিনি, সামান্য হলুদ গুঁড়া এবং চারটি কাঁচামরিচ দিন। স্বাদ অনুযায়ী লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে সবকিছু একসঙ্গে সেদ্ধ করে নিন।
ডাল ও বিচি ভালোভাবে সেদ্ধ হয়ে নরম এবং কিছুটা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন। এবার অন্য একটি পাত্রে দুই টেবিল চামচ তেল ও এক টেবিল চামচ ঘি গরম করুন। তাতে সিকি চা চামচ মেথি বা গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। এরপর বাকি আদা কুচি, একটি তেজপাতা এবং বাকি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন।
পেঁয়াজ হালকা লালচে হয়ে এলে সেদ্ধ করা ডাল ও কাঁঠালের বিচি ঢেলে দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে এক চা চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ডালের ঘনত্ব পছন্দমতো হলে চুলা বন্ধ করে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঘি-মসলার সুগন্ধে ভরা কাঁঠালের বিচির এই মুগডাল। কাঁঠালের বিচির মিষ্টি-মাটির স্বাদ আর মুগডালের নরম মিশ্রণ ভাতের সঙ্গে বেশ জমবে।









