তারকাদের ঝলমলে ত্বকের রহস্য জানতে আগ্রহ থাকে অনেকেরই। বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননও ত্বকের যত্নে খুব জটিল কোনও রুটিন অনুসরণ করেন না। বরং সকালে কয়েকটি সহজ ধাপ মেনে চলেন তিনি। বরফ দিয়ে ত্বক সতেজ করা থেকে শুরু করে ফেস মাস্ক, টোনার, সিরাম ও সানস্ক্রিনসহ তার রূপচর্চার রুটিনে রয়েছে সাতটি ধাপ।
কৃতি জানিয়েছেন, তার সকালের স্কিনকেয়ার রুটিন বেশ সহজ এবং এতে খুব বেশি সময়ও লাগে না। তবে প্রতিদিন একইভাবে ফেস মাস্ক ব্যবহার করেন না। ত্বকের প্রয়োজন বুঝে কখনো ডিটক্সিফাইং, আবার কখনো হাইড্রেটিং মাস্ক বেছে নেন তিনি।
সকালের রুটিন শুরু হয় বরফ দিয়ে মুখ সতেজ করার মাধ্যমে। ঘুম থেকে উঠে হালকা গরম লেবুপানি পান করার পর মুখ পরিষ্কার করে বরফ পানিতে মুখ ডুবিয়ে নেন কৃতি। তার মতে, এটি সকালে ত্বককে সতেজ অনুভব করতে সাহায্য করে এবং মুখের অতিরিক্ত তেল ও ময়লা দূর করতেও সহায়ক।
এরপর আসে ফেস মাস্ক। শুটিংয়ের আগে ত্বককে একটু বেশি যত্ন দিতে হলে কৃতি ডিটক্সিফাইং মাস্ক ব্যবহার করেন। আবার ত্বক সংবেদনশীল মনে হলে তিনি হাইড্রেটিং মাস্ক বেছে নেন। অর্থাৎ, প্রতিদিন জোর করে একই মাস্ক ব্যবহার না করে ত্বকের অবস্থার ওপর নির্ভর করেই মাস্ক বেছে নেন তিনি।
ফেস মাস্কের সঙ্গে তিনি ব্যবহার করেন আন্ডার-আই প্যাচ। গ্রিন টি ও ক্যাফেইনযুক্ত প্যাচ চোখের নিচে প্রায় ১৫ মিনিট রেখে দেন। বিশেষ করে ব্যস্ত শুটিংয়ের সময় চোখের ক্লান্তি কমানোর জন্য এই ধাপটি তার রুটিনে জায়গা পেয়েছে।
মাস্ক ও আন্ডার-আই প্যাচ সরানোর পর কৃতি ব্যবহার করেন ঘরে তৈরি টোনার। গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে তৈরি এই টোনার ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বলে তিনি মনে করেন।
এরপর আসে সিরাম। কৃতির ব্যবহৃত সিরামে হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন, কাকাডু প্লাম এক্সট্র্যাক্ট ও অ্যালোভেরার মতো উপাদান রয়েছে। তাঁর মতে, এই ধরনের উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং অসম রঙ বা পিগমেন্টেশনের সমস্যা মোকাবিলায় সহায়তা করতে পারে।
ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো সানস্ক্রিন। কৃতিও এই ধাপটি এড়িয়ে যান না। বাইরে যাওয়ার পাশাপাশি ঘরেও সানস্ক্রিন ব্যবহারের কথা তিনি জানিয়েছেন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার তার রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।
সবশেষে রয়েছে লিপ বাম। ঠোঁটকে নরম ও আর্দ্র রাখতে নিয়মিত লিপ বাম ব্যবহার করেন কৃতি। বাইরে যাওয়ার সময় সঙ্গে রাখার পাশাপাশি রাতে ঘুমানোর আগেও এটি ব্যবহারের কথা তিনি জানিয়েছেন।
কৃতির এই রুটিনের মূল কথা হলো ত্বকের যত্নে শুধু দামি প্রসাধনী নয়, নিয়মিত যত্ন এবং নিজের ত্বকের প্রয়োজন বুঝে পণ্য ও উপাদান বেছে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তবে তারকার ত্বকের ধরন ও প্রয়োজন সবার মতো এক নয়। তাই কৃতির রুটিন হুবহু অনুসরণ করার বদলে নিজের ত্বকের ধরন অনুযায়ী রূপচর্চার পদ্ধতি বেছে নেওয়াই ভালো।
সূত্র: এনডিটিভি








