পালংশাক পুষ্টিকর, সহজলভ্য এবং রান্নাও করা যায় খুব সহজে। তবে প্রতিদিন একইভাবে শাক রান্না না করে স্বাদে আনতে পারেন একটু ভিন্নতা। নারকেলের মিষ্টি স্বাদ, সরষের ঝাঁজ আর কাঁচামরিচের ঝাল মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু নারকেল দিয়ে পালংশাক। গরম ভাতের সঙ্গে এই পদ হতে পারে একেবারে ঘরোয়া অথচ মুখরোচক আয়োজন।
উপকরণ
নারকেল দিয়ে পালংশাক রান্নার জন্য লাগবে এক কেজি পালংশাক। শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে আধা কাপ সরষের তেল, এক টেবিল চামচ সরষেদানা, এক কাপ কোরানো নারকেল, এক টেবিল চামচ রসুনকুচি, এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এক-তৃতীয়াংশ কাপ পেঁয়াজকুচি, দুই চা-চামচ আদাকুচি এবং আধা চা-চামচ হলুদগুঁড়া।
প্রণালি
প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে সরষেদানা দিয়ে দিন। সরষেদানা ফুটতে শুরু করলে রসুনকুচি, কাঁচামরিচ, পেঁয়াজকুচি ও আদাকুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভাজতে থাকুন।
মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে হলুদগুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন। এবার কোরানো নারকেল দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করুন।
এরপর কেটে রাখা পালংশাক কড়াইতে দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় তিন মিনিট নেড়ে রান্না করুন। শাক বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। শাক নরম হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
সবশেষে একটি পরিবেশন পাত্রে রান্না করা পালংশাক ঢেলে ওপরে সামান্য কোরানো নারকেল ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নারকেল দিয়ে পালংশাক।









