ত্বকের শুষ্কতা দূর করা, আর্দ্রতা ধরে রাখা কিংবা রুক্ষ ভাব কমানো ত্বকের যত্নে বডি লোশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সব লোশন সবার ত্বকের জন্য সমান উপযোগী নয়। কারও প্রয়োজন গভীর ময়েশ্চারাইজিং, কেউ খোঁজেন হালকা ও দ্রুত শোষিত হয় এমন লোশন, আবার সংবেদনশীল ত্বকের জন্য দরকার তুলনামূলক মৃদু উপাদানের ফর্মুলা। তাই লোশন কেনার আগে ত্বকের ধরন, উপাদান, সুগন্ধি এবং পণ্যটি কতক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে, তা বিবেচনা করা জরুরি।
যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া বিভিন্ন বডি লোশন পরীক্ষা করে সেগুলোর টেক্সচার, সুগন্ধ, শোষণক্ষমতা, ময়েশ্চারাইজিং প্রভাব ও দাম মূল্যায়ন করেছেন পরীক্ষকেরা। পাশাপাশি চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি উল্লেখযোগ্য বডি লোশনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।
সার্বিকভাবে সেরা হিসেবে উঠে এসেছে নিভিয়া শিয়া নারিশ বডি লোশন। শিয়া বাটার ও হায়ালুরোনিক অ্যাসিডসমৃদ্ধ এই লোশন ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর পাতলা, দুধের মতো টেক্সচার সহজে ত্বকে মিশে যায়। পরীক্ষকদের অনেকে জানিয়েছেন, ব্যবহারের পর ১২ ঘণ্টা বা তারও বেশি সময় ত্বক আর্দ্র অনুভূত হয়েছে। তবে কারও কারও কাছে এর ফুলেল সুগন্ধ কিছুটা তীব্র মনে হয়েছে। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ৪ দশমিক ৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬১৫ টাকা।
সুগন্ধযুক্ত লোশন পছন্দ হলে বিবেচনা করা যেতে পারে ইওএস শিয়া বেটার ২৪এইচ ময়েশ্চার বডি লোশন। পোমেগ্রানেট রাস্পবেরি, ভ্যানিলা ক্যাশমিয়ার ও ক্রেম দে পিস্তাশিওর মতো সুগন্ধের বিকল্প রয়েছে। পরীক্ষকেরা এর হালকা টেক্সচার, দ্রুত শোষিত হওয়া এবং ত্বকে কম চিটচিটে ভাবের প্রশংসা করেছেন। তবে সুগন্ধ সবার পছন্দ নাও হতে পারে। কারও মাথাব্যথা হতে পারে, আবার খুব শুষ্ক ত্বকের জন্য এটি যথেষ্ট ময়েশ্চারাইজিং নাও হতে পারে। এর দাম প্রায় ৯ দশমিক ৯৭ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ২২৭ টাকা।
অতিরিক্ত শুষ্ক ত্বকের যত্নে উল্লেখযোগ্য ইউসেরিন অ্যাডভান্সড রিপেয়ার বডি লোশন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং সুরক্ষামূলক স্তর বজায় রাখতে সহায়তা করে। এতে রয়েছে সিরামাইড ৩, আলফা হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) ও ইউরিয়া। ব্র্যান্ডটির দাবি, লোশনটি ৪৮ ঘণ্টা পর্যন্ত আর্দ্রতা ধরে রাখতে পারে। পরীক্ষকদের অভিজ্ঞতায় আর্দ্রতার অনুভূতি সাধারণত আট থেকে ১২ ঘণ্টা স্থায়ী হয়েছে। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ১৩ দশমিক ৬৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৬৮৬ টাকা।
ত্বক মসৃণ ও টানটান দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা যায় জার্গেনস স্কিন ফার্মিং বডি লোশন। এর ক্রিমি ও মসৃণ টেক্সচার সহজে ত্বকে মিশে যায়। এতে রয়েছে কোলাজেন অ্যামিনো অ্যাসিড ও ইলাস্টিন। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বকের আর্দ্রতা ও উপরিভাগের মসৃণতা বজায় থাকতে পারে। তবে শুধু লোশন ব্যবহার করে ত্বক দীর্ঘস্থায়ীভাবে টানটান করা সম্ভব—এমন প্রত্যাশা রাখা ঠিক নয়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ময়েশ্চারাইজার সাময়িকভাবে ত্বকের টেক্সচার উন্নত করতে পারে, কিন্তু স্থায়ীভাবে ত্বক টানটান করার নিশ্চয়তা দেয় না। এর দাম প্রায় ৭ দশমিক ৪৭ ডলার থেকে, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯২০ টাকা।
সাশ্রয়ী দামে ভালো ময়েশ্চারাইজিং প্রভাবের জন্য রয়েছে পালমার্স কোকো বাটার ফর্মুলা ডেইলি স্কিন থেরাপি বডি লোশন। কোকো বাটার ও ভিটামিন ইসমৃদ্ধ এই লোশনের টেক্সচার ঘন ও মাখনের মতো। এর মিষ্টি চকোলেটের মতো সুগন্ধও অনেকের পছন্দ হয়েছে। পরীক্ষকদের অনেকে জানিয়েছেন, ব্যবহারের পর ১২ ঘণ্টারও বেশি সময় ত্বক আর্দ্র ছিল। তবে বোতলের পাম্প আটকে যাওয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ৬ দশমিক ৬৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮২৪ টাকা।
রেটিনলযুক্ত লোশন খুঁজলে বিবেচনা করতে পারেন ন্যাটুরিয়াম স্কিন-রিনিউয়িং রেটিনল বডি লোশন। এর জেলজাতীয়, মসৃণ ও হালকা টেক্সচার ত্বকে সহজে ছড়িয়ে পড়ে। এতে রয়েছে এনক্যাপসুলেটেড রেটিনল, অ্যালানটোইন, শিয়া বাটার ও সোডিয়াম পিসিএ। রেটিনল ত্বকের টেক্সচার ও অসমতা কমানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে এটি সবার ত্বকে সহ্য নাও হতে পারে; কারও কারও জ্বালা বা চুলকানি হতে পারে। তাই পণ্যের নির্দেশনা মেনে ব্যবহার করা এবং দিনের বেলায় ত্বককে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখা জরুরি। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ২৫ দশমিক ৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ হাজার ২০০ টাকা।
সংবেদনশীল ত্বকের জন্য বিবেচনায় রাখা যায় সেরাভে ডেইলি ময়েশ্চারাইজিং লোশন। হালকা টেক্সচারের এই লোশন দ্রুত শোষিত হয় এবং ত্বকে চিটচিটে ভাব কম রাখে। এতে রয়েছে এসেনশিয়াল সিরামাইড ও হায়ালুরোনিক অ্যাসিড, যা ত্বকের সুরক্ষামূলক স্তর বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। তবে খুব শুষ্ক ত্বকের ক্ষেত্রে দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে বারবার ব্যবহার করতে হতে পারে। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ১৪ দশমিক ৯৭ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৮৪৩ টাকা।
ঘন ও সমৃদ্ধ ময়েশ্চারাইজার হিসেবে স্কিনফিক্স ব্যারিয়ার+ লিপিড-বুস্ট বডি ক্রিম উল্লেখযোগ্য। এতে রয়েছে সিরামাইড, ওট কমপ্লেক্স, শিয়া বাটার এবং মোরিঙ্গা, জোজোবা ও আমন্ড অয়েলের মতো উদ্ভিজ্জ তেল। পরীক্ষকদের অনেকে জানিয়েছেন, ব্যবহারের পর ১২ ঘণ্টারও বেশি সময় ত্বক আর্দ্র ছিল। তবে পণ্যটির দাম তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ৩৩ দশমিক ৬০ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪ হাজার ১৩৬ টাকা।
সুগন্ধিমুক্ত লোশন পছন্দ হলে লুব্রিডার্ম ডেইলি ময়েশ্চার লোশন ফ্র্যাগরেন্স-ফ্রি একটি বিকল্প হতে পারে। এটি দ্রুত শোষিত হয় এবং ত্বকে কম চিটচিটে ভাব রাখে। ব্র্যান্ডটির দাবি, এটি ২৪ ঘণ্টা আর্দ্রতা ধরে রাখে। তবে পরীক্ষকদের অভিজ্ঞতায় অনেক ক্ষেত্রে আর্দ্রতার অনুভূতি ১২ ঘণ্টা বা তারও বেশি স্থায়ী হয়েছে। সুগন্ধি যোগ করা না হলেও উপাদানের নিজস্ব গন্ধ থাকতে পারে। কিছু পরীক্ষকের ত্বকে চুলকানি বা জ্বালার অভিজ্ঞতাও হয়েছে। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ১১ দশমিক ৮৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৪৬৩ টাকা।
সরল ফর্মুলার লোশন খুঁজলে বিবেচনা করা যায় ভ্যানিক্রিম ময়েশ্চারাইজিং লোশন। এতে রং, সুগন্ধি, ল্যানোলিন, প্যারাবেন, ফর্মালডিহাইড রিলিজার এবং উদ্ভিজ্জ নির্যাস নেই। পণ্যটি নন-কমেডোজেনিক, অর্থাৎ রোমকূপ বন্ধ করার প্রবণতা কম। সংবেদনশীল ত্বকের জন্য এমন ফর্মুলা উপযোগী হতে পারে। তবে পরীক্ষকদের মতামত একরকম ছিল না—কারও কাছে এটি শুষ্কতা কমাতে সহায়ক মনে হয়েছে, আবার কেউ যথেষ্ট ময়েশ্চারাইজিং প্রভাব পাননি। যুক্তরাষ্ট্রে এর দাম প্রায় ১৩ দশমিক ৫৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৬৮০ টাকা।
বডি লোশন কেনার সময় শুধু ব্র্যান্ড বা সুগন্ধির দিকে নজর দিলেই হবে না। খুব শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম বা বডি বাটার উপকারী হতে পারে, আর হালকা টেক্সচার পছন্দ হলে পাতলা লোশন বেছে নেওয়া যায়। সিরামাইড ত্বকের সুরক্ষামূলক স্তর বজায় রাখতে সাহায্য করে, গ্লিসারিন ও হায়ালুরোনিক অ্যাসিড আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক হলে সুগন্ধিমুক্ত পণ্য বিবেচনা করা যেতে পারে। তবে সুগন্ধিমুক্ত লেখা থাকলেই যে পণ্যটি সবার ত্বকে মানাবে, তা নয়।
নতুন কোনও লোশন ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে লাগিয়ে প্রতিক্রিয়া দেখে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা র্যাশ দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে। সমস্যা স্থায়ী হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখতে হবে, সবচেয়ে দামি লোশনই যে আপনার ত্বকের জন্য সেরা হবে, তা নয়। ত্বকের প্রয়োজন, উপাদানের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ব্যবহারের পর ত্বক কেমন অনুভূত হচ্ছে এসব বিবেচনা করেই বেছে নিন উপযুক্ত বডি লোশন।
সূত্র: দ্য গার্ডিয়ান